উন্মোচনডটকম,
ঠাকুরগাঁও : জেলার বালিয়াডাঙ্গী মণ্ডুমালা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কেড়ে নিল আরেক বাংলাদেশী যুবকের প্রাণ।
গত বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্তে আলম হোসেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বিএসএফ সদস্যরা। এর ধকল কাটতে না কাটেই ঠাকুরগাঁও সীমান্তে আবারও কেড়ে নিল আরেক বাংলাদেশী যুবকের প্রাণ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। নিহত আব্দুল খালেক চোখা (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই মারাধার গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মন্ডুমালা সীমান্তের ৩৮৩/১ এস পিলার এলাকায় ভারত ভূখণ্ডে রাত সাড়ে ১১টার দিকে ১৪ বিএসএফের সোনামতি ক্যাম্পের সদস্যরা আব্দুল খালেকসহ কয়েকজন বাংলাদেশী ব্যবসায়ীকে লক্ষ করে গুলি বর্ষণ করে। এতে পাঁজরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই খালেক মারা যান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে ১০০ গজ ভেতরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বিএসএফ’র কাছে চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হবে বলেও জানান বিজিবি কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ঢাকায় বিজিবি-বিএসএফ’র সম্মেলনে বিএসএফ মহাপরিচালক সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার অঙ্গীকার করলেও আগের তুলনা সীমান্ত হত্যাকাণ্ড আরো বেড়ে গেছে। বিএসএসএফ মহাপরিচালকের ঘোষণার পর ঝরে গেছে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিকের প্রাণ। এর আগে গত বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্তে আলম হোসেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বিএসএফ সদস্যরা। বিশিষ্ট নাগরিকরা সীমান্তের এই হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।
উন্মোচনডটকম/হিমাংশু/১১১৪ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১২



