Tuesday, Dec 25th, 2012 at 2:35pm BdST
প্রচ্ছদ » শিশুপার্ক

গ্রিম রূপকথার ২০০ বছর

গ্রিম রূপকথার ২০০ বছর

শিশুপার্ক ডেস্ক, উন্মোচনডটকম

ঢাকা: সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘আপনার শিশুদের যদি বুদ্ধিমান হিসেবে গড়ে তুলতে চান তবে তাদের রূপকথা শোনান। আর তাদের যদি আরো বেশি বুদ্ধিমান করে গড়ে তুলতে চান তাহলে তাদের আরো বেশি করে রূপকথা শোনান।’ রূপকথার স্বপ্নের জগত শিশুদের ভেতরে এক অপরূপ কল্পনাপ্রতিভা জাগ্রত করে। জগতের জটিলতা রূপকথার ভেতর দিয়ে উপস্থাপিত হয় এক অদ্ভুত সরলতায়।

মানুষের ইতিহাসে রূপকথার জগতের স্মরনীয় নাম জ্যাকব লুডউইগ কার্ল গ্রিম এবং উইহেম কার্ল গ্রিম। গ্রিম ভ্রাতৃদ্বয় বললেই তাদের সহজে চিনতে পারা যায়। তাঁদের জন্ম জার্মানির হানাউয়ে। জ্যাকব গ্রিমের জন্ম ৪ জানুয়ারি,১৭৮৫ এবং ভিলহেলম গ্রিমের জন্ম ২৪ ফেব্রুয়ারি,১৭৮৬। গত ২০ ডিসেম্বর ছিল গ্রিম রূপকথার ২০০ তম বার্ষিকী। এই উপলক্ষ্যে ওইদিন সার্চ ইঞ্জিন গুগল একটি বিশেষ ডুডলও তৈরী করেছিল।

গ্রিম ভাইদের রূপকথা প্রথম প্রকাশ হয়েছিল দুশো বছর আগে৷ সেগুলোতে কোনো ছবি ছিল না৷ শুরুর দিকে তেমন একটা নজর কারেনি এসব গল্প৷ কিন্তু পরবর্তিতে বড় একটি ভূমিকা রেখেছে গল্পের সঙ্গে জুড়ে দেওয়া ছবিগুলো।

এই দুই ভাই একত্রে জার্মানির প্রত্যন্ত অঞ্চল থেকে লোককথা বা উপকথা বা মানুষের মুখে মুখে যেসব গল্প প্রচলিত ছিল সেগুলো সংগ্রহ করেন। তাঁদের এসব সংগ্রহের মধ্যে রয়েছে ‘স্নো হোয়াইট’, ‘হ্যানসেল অ্যান্ড গ্রেটেল’,‘রুপানজেল’সহ আরো অনেক মজার মজার সব গল্প। বিশ্বে জুড়েই তাদের সংগৃহীত এসব রূপকথা আজো সমান জনপ্রিয়। ইউরোপের পথে প্রান্তরে মানুষের মুখে মুখে চলে আসা এইসব লোকগাথা সংকলন করে তারা প্রকাশ করেন ‘চিল্ড্রেন’স এন্ড হাউসহোল্ড টেলস’ নামে দুই খন্ডের একটি বইতে,যাতে মোট দুইশ এগারোটি গল্প সংকলিত হয়।যদিও এটিই প্রথম জার্মান রূপকথা সংকলন নয়,তাঁদের এই বইটিতেই সর্বপ্রথম জার্মান পল্লীসাহিত্যের সত্যিকারের রূপটি ফুটে ওঠে।উৎসের প্রতি শতভাগ বিশ্বস্ত থেকে এবং পল্লীসাহিত্যের মৌলিক উপাদানগুলোকে অক্ষুণ্ণ রেখেই তাঁরা এই সংকলনের কাজটি করেন।তাদের সংগ্রহ ও সংকলন পদ্ধতি আধুনিক পল্লীসাহিত্য গবেষণায় পথনির্দেশকের ভূমিকা রাখে।

আমাদের বাংলা ভাষায়ও গ্রিম ভাইদের অনেক রূপকথা অনূদিত হয়েছে। দেশের অনেক বইয়ের দোকানে গেলেই চমত্কার সব ছবিসহ কিনতে পাওয়া যাবে এই রূপকথার বই।

 

উন্মোচনডটকম/টিআই/১৪৩৫ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০১২

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close