স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম
ঢাকা: ব্লগার ইমন জুবায়ের আর নেই। বাংলা ব্লগের পুরনো ও জনপ্রিয় ব্লগারদের একজন ছিলেন তিনি।তার পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটায় নিজ বাসায় তিনি মারা যান। অনেক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, আমিনবাগ জামে মসজিদে তার জানাযা শেষে তিনটার দিকে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।
২০১১ সালে সামহোয়্যার ইন ব্লগের বর্ষসেরা ব্লগার নির্বাচিত হন তিনি। তার সতীর্থ ব্লগাররা তাকে নিয়ে বেশ কিছু পোস্ট দিয়েছেন।
সাম হোয়ার ইন ব্লগের ব্লগার রেজোওয়ানা লিখছেন, “জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন…….আমাদের খুব প্রিয় ইমন ভাই, নগরঋষি ইমন ভাই আর কোনদিন লিখবেন না আমাদের সাথে। গতকাল রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যায় বাংলা ব্লগের সবচেয়ে নিঃস্বার্থ, নিবেদিত ব্লগার ইমন জুবায়ের আমাদের সকলকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে।ইমন ভাই সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই……….. বিশ্ব সভ্যতা, বাংলাদেশের ইতিহাস, দর্শন, ধর্ম,সুফি মরমিবাদ, শাস্ত্রীয় সংগীত, চিত্রকলা থেকে শুরু করে মিথলজি, বাংলা সাহিত্যের সকল শাখায় তাঁর সমান বিচরণ ছিল।“
ব্লগার তোউফিক জোয়ারদার লিখছেন, “আমার পঠন পাঠনের বয়স সিকিযুগ পার হয়েছে। কিন্তু ইতিহাস নিয়ে আমার যে মুগ্ধতা তা পাঠ্যবই এমনকি পাঠক্রমবহির্ভূত বইও সেভাবে জাগাতে পারেনি, যা পেরেছিলেন প্রিয় ব্লগার ইমন যুবায়ের। তাঁর মোহিনী লেখায় পালযুগের রাজকুমারের মতো যেন ঘোড়া ছুটিয়েছি প্রাচীন বাংলার প্রান্তর থেকে প্রান্তরে। গল্পের ছলে কেবল ইতিহাস শিখিনি, নিয়েছি এই জনপদের প্রতি মায়াজড়ানো ভালবাসার দীক্ষা। তাঁর দু’টি প্রিয় লেখা আমাকে উৎসর্গ করেছিলেন। ভেবেছিলাম যোগ্য হয়ে উঠে তার প্রতিদান দেব। কিন্তু ইমন যুবায়ের নির্মমভাবে ঋণী করে রেখে গেলেন। ঘোরলাগা কোনও অলস মধ্যাহ্নে যখন আবার দেশকে নিয়ে ভাববো, ‘কিছু একটা’ করার সুতীব্র তাড়নায় জর্জরিত হয়ে, বিশ্বাস করুন ইমন জুবায়ের, আপনাকে খুব বেশি মনে পড়বে।“
এছড়াও ব্লগার অপূর্ন বাংলা ব্লগের “একজন হুমায়ূন আহমেদ ছিলেন ব্লগার ইমন জুবায়ের ভাই ।“
শিরোনামে একটি লেখা দিয়েছেন। “ঘুম থেকে উঠে জবে যাওয়ার আগে আমি মোবাইল থেকে সবসময়ই একবার ব্লগে ঢু’ মেরে যাই । প্রতিদিনের মত আজকেও একই কাজ করতে গিয়ে নির্বাচিত পাতার প্রথম পোস্ট দেখে রীতিমত হতবাক হয়েছি । ব্লগার ইমন জুবায়ের ভাই আর নেই !!
প্রথমেই আমার মাথায় যে চিন্তাটা আসলো তা হল , কেউ কি হোক্স করছে ?
পড়ে মনে হল , ইমন ভাইয়ের মত একজন ভালো এবং স্বনামধন্য ব্লগারকে নিয়ে এমন কেউ করবে তা অসম্ভব, সে যত খারাপ লোকই হোক!
একটু স্ক্রল করে নিচে নেমে দেখি আরও কয়েকজনের পোস্ট। আমার হতবাক হবার দ্বিতীয় পর্যায়। না, এটা হোক্স নয়।
কিন্তু তারপরও আমার দ্বিতীয় যে চিন্তাটা মাথায় আসলো তা হল, ইমন ভাই সম্ভবত ব্লগীয় বিদায় নিতে চাচ্ছেন। কারণ মাত্র দু’দিন আগেই তিনি ১৫০০ পোস্ট পূর্ণ করলেন। ভাবলাম একটা স্মরণীয়, সফল ও স্বচ্ছ বিদায় হয়তো তাই নিতে চাচ্ছেন। নিজের ও পরিবারের জন্য কিছু সময় হয়তো একান্তই নিজের করে দিতে চাচ্ছেন।
কিন্তু আমার মাথায় একবারের জন্যও শেষ চিন্তাটা আসলো না, যে ইমন ভাই সত্যি সত্যিই আমাদের ছেড়ে চলে গেছেন।আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না।“
একই ব্লগে ব্লগার `ব্যাপার না’ লিখেছেন, “যত বিপত্তি যেন বেঁধে গেল তার সেরা ব্লগার মনোনয়ন পাওয়ার পর। মোটামুটি তারে টেনে টুনে নামানোর ভালই একটা চেষ্টা চলছে। তিনি কতটুকু যোগ্য সেটার চেয়ে তাকে টেনে নামানোর বিষয়টুকু অনেক বেশী দৃষ্টিকটু হয়ে দেখা দিল। পরিমন্ডল ভিন্ন হলেও অনেকটা ইউনূসের মত হয়ে গেল ব্যাপারটা। তার ক্ষুদ্র ঋণ দিয়ে দেশের কি লাভ হল না হল সেটার চেয়েও তাকে কি করে টেনে নামানো যায় সে নিয়েই যেন প্রতিযোগিতা।
কে কি হল সেটা নিয়ে আসলে তেমন মাথা ব্যথা নেই………….কিন্তু বেচারা সরল মানুষটি যেন হুদাই আলোচনার প্রাদপ্রদীপে এসে বিপদে পড়ে গেলেন নিজের নির্বিরোধ জীবনে…………..”
উন্মোচনডটকম/জাহিদ/এএম/১৬০৬ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৩



