Wednesday, Jan 16th, 2013 at 10:55pm BdST
প্রচ্ছদ » নিউজ স্ক্রলার -----//

ব্লগারদের উপর আক্রমণ প্রতিরোধের আহ্বান

ব্লগারদের উপর আক্রমণ প্রতিরোধের আহ্বান

মিফতাহুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, উন্মোচনডটকম

ঢাকা: অনলাইনে ফেসবুক ও ব্লগে অশ্লিল ভাষায় গালাগালি ও হুমকি-ধামকি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দেশের খ্যাতিমান রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক ও ব্লগাররা। জনপ্রিয় ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট আসিফ মহিউদ্দিনের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ থেকে বুধবার তারা এ আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা গীতি আরা নাসরিন, গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ, সাংবাদিক ফারুক ওয়াসিফ, আসিফ মহিউদ্দিনের তিন বোন জুয়েলা জেবুন নেসা খান, সোনিয়া ইয়াসমিন ও সাবিনা শারমিন এবং ব্লগার শরৎ চৌধুরি, আখতারুজ্জামান আজাদ, পারভেজ আলম, শর্মী আমিন প্রমুখ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর কোন এক খ্রিস্টান পোপ বলেছিলেন, “ফ্যাসিবাদীরা প্রথমে আক্রমণ করল কমিউনিস্টদের উপরে, আমি তখন প্রতিবাদ করিনি, কারণ তারা আমাদের আক্রমণ করেনি; এরপর তারা আক্রমণ করে মুসলিমদের উপর, আমি তখন প্রতিবাদ করিনি, কারণ তারা আমাদের আক্রমণ করেনি; তারপর তারা আক্রমণ করে ইহুদের উপর, আমি তখনও প্রতিবাদ করিনি, কারণ তারা আমাদের আক্রমণ করেনি; এর তারা আক্রমণ করল আমার উপর, তখন আমার কিছুই করার ছিল না, কারণ এদের প্রতিরোধ করার কেউই ছিল না।“

এ উদ্বৃতি দিয়ে সেলিম বলেন, আসিফের উপর হামলা করেছে ফ্যাসিবাদীরা। আজ এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে সকলকেই এ রকম হামলার শিকার হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা গীতি আরা নাসরিন বলেন, আমিও সমাজ পরিবর্তনে অনলাইনে সক্রিয়ভাবে কাজ করি। তবে আমি কখনো ব্লগে যেতে সাহস পাইনা। কারণ ব্লগে প্রতিনিয়ত ধর্ষণ হয়, হামলা হয়। যখন প্রতিপক্ষকে ধর্ষণ করা হয়, হামলা করা তখন একপক্ষ খুশি হয়, বাবহা দেয়। কিন্তু যখন নিজের উপর হামলা আসে তখন তাদের খারাপ লাগে। এসবে আমি অস্বস্তিবোধ করি। ব্লগের এ সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে।

নাসরিন বলেন, অনলাইন কোন ভিডিও গেম নয় যে খেলার পরে শেষ। অনলাইনে আমরাই বসি। তাই একে ভার্চুয়াল ভাবার সুযোগ নেই। তার প্রমাণ হচ্ছে আসিফ মহিউদ্দিনের উপর হামলা। তাই এসব বন্ধ করে ব্লগে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে।

গণতান্ত্রিক বামমোর্চার কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ বলেন, গিতি আরা নাসরিনের বক্তব্য আমার দৃষ্টি আকর্ষণ করেছে। সত্যি আমাদের অনলাইনের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পারস্পরিক আক্রমণ।

অনলাইনের যারা গালাগালি বা ধর্ষণ করে এ ধরণের মানুষকে বর্জন করার আহ্বান জানান তিনি।

সমাবেশে আসিফ মহিউদ্দিনের বোন জুয়েলা জেবুন নেসা বলেন, নতুন প্রজন্মের ব্লগাররা আমাদের ছোট ভাই। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে চায়, তারা যুদ্ধাপরাধীদের বিচার করতে চায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে চায়। কেউ আমার ছোট ভাইকে আক্রমণ করবেন না, আমাদের আক্রমণ করুন। তারা বেঁচে থাকুক। কারণ তারা না থাকলে আমরা ভবিষ্যতের একটি সুন্দর সমাজ হারাবো।

ব্লগার শরৎ চৌধুরী বলেন, একজন ব্লগার নয়, বরং আসিফ মহিউদ্দিনকে দেখতে হবে ভিন্নভাবে। তাকে সাধারণ মানুষ হিসেবে দেখতে হবে। শুধু আসিফ মহিউদ্দিন নয় যে কেউই যে কোন সময় এ রকম হামলার শিকার হতে পারে। তাই একে প্রতিরোধ করতে হবে।

মুক্তমনা ব্লগারদের উপর হামলা প্রতিরোধের আহ্বান জানিয়ে সাংবাদিক ফারুক ওয়াসিফ বলেন, আসিফ মহিউদ্দিনকে হামলার ঘটনায় আমরা শুধুমাত্র কোন একটি গোষ্ঠিকে দায়ী করতে পারি না। যারা আসিফকে আক্রমণের জন্য উস্কানি দিয়েছে, যারা তার মৃত্যু কামনা করেছে তারাও এর জন্য দায়ী হতে পারেন।

ব্লগার আখতারুজ্জামান আজাদ বলেন, ইদানিং ১৮ থেকে ২৫ বছরের কিছু নতুন ব্লগার ৩০-৩৫ বছর বয়সী সিনিয়র ব্লগারদের সাথে অনলাইনে যোগাযোগ করে এবং ব্যক্তিগত মোবাইল নাম্বার নিয়ে দেখা-সাক্ষাৎ করে সিনিয়দের সম্পর্কে নিজের মত করে কিছু ধারণা তৈরি করে। এরপর এরা শুরু করে ইচ্ছা মত গালাগালি ও হুমকি দেয়া। “ওমুককে রাস্তায় দেখা মাত্র কোপামু, তমুককে জুতা দিয়া পিটামু বা গদামু“ এ ধরণের অশালীন ভাষায়ও হুমকি ও গালাগালি দেয় এরা।

ব্লগার পারভেজ আলম, আমরা ব্লগাররা রাষ্ট্র ও সমাজের পরিবর্তনের জন্য অক্লান্তভাবে কাজ করে। আমাদেরকে কুপিয়ে যখম করলে, আমাদেরকে হত্যা করলে বা কবরে পাঠানো হলে সেটা হবে রাষ্ট্র ও সমাজকেই হত্যা করার সামিল। তাই এখুনি আমাদের সকল আক্রমণকে প্রতিরোধ করতে হবে।

এ সম্পর্কিত আরো খবর এখানে।

উন্মোচনডটকম/ মিফতা/২২৫০ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close