জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
চাঁপাইনবাবগঞ্জ: প্রমত্তা পদ্মার শাখা নদী, কয়েকশ মাইল বিস্তৃত বিখ্যাত মহানন্দা নদী এখন মৃত প্রায়। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশ ঘেষে বয়ে চলা মহানন্দা নদী নিয়ে চিন্তিত এখন জেলাবাসী।
হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী ভারতের পশ্চিম বঙ্গের প্রায় পুরোটায় অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম নিয়ে। পদ্মা বিধৌত পলি মাটি সৃষ্টি করেছে গাঙ্গেয় উপদ্বীপ- এই বঙ্গভূমি। পদ্মার পলল গঠিত সেই উপদ্বীপটিই আজকের বাংলাদেশ। গঙ্গা-পদ্মা প্রতিনিয়তই বয়ে নিয়ে আসছে বিপুল পরিমাণ পলি-কাদা। এ চলার শেষ বঙ্গপোসাগরে। আধুনিক সভ্যতার এই যুগে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি দেশ, প্রতিটি জাতি, প্রকৃতি, প্রাণী-উদ্ভিদসহ প্রায় সকল কিছুই অর্থ্যাৎ সমস্ত পরিবেশ এবং এর ভারসম্য পানির উপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে পানি সংকট এবং এর ব্যবস্থাপনা, বিতরণ হয়েছে আরও জটিল। গঙ্গা-পদ্মা শুধু এই অঞ্চলেই নয়, সমগ্র বিশ্বেরই একটি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ নদী। উল্লেখ্য, মহানন্দা নামের পদ্মার আরেকটি শাখা নদী বাংলাদেশে প্রবেশ করেছে পঞ্চগড় দিয়ে।
উজানের দেশ হওয়ায় ভারতের ফারাক্কাসহ একাধিক বাঁধ নির্মাণসহ অন্যায্য পানি বণ্টন ও নদীর গতিপথে ফেলছে ক্রমাগত প্রভাব। কাজেই গঙ্গা-পদ্মার শাখা নদী হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পানির পরিমাণও কমে যাচ্ছে। এক সময় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী ঘাট থেকে যাওয়া যেত কলকাতা-ঢাকা। অভ্যান্তরীণ এবং আঞ্চলিক পণ্য ও মানুষ পরিবহণে নদীটি রাখতো বিশেষ ভূমিকা। সেই দিন আজ সোনালী অতীত। ধারাবাহিকভাবে একই কারণে ক্ষতির শিকার হচ্ছে মহানন্দাযুক্ত পাগলা, পূণর্ভবাসহ বেশকিছু ছোট নদী ও খালগুলি।
মহানন্দা নদীর পানি কমে যাওয়ার কারণ হিসেবে যে কয়টি বিষয় উল্লেখযোগ্য তা হচ্ছে- ১. পদ্মা থেকে পানি কম পাওয়া (বাংলাদেশ-ভারত পানি চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে বাংলাদেশ সর্বনিম্ন ১৫ হাজার কিউসেক পানি পাবে ভারত থেকে) ২.কখনই সরকারি বা বেসরকারি কোন উদ্যোগেই মহানন্দা খনন না হওয়া (ড্রেজিং বা ক্যাপিটাল ড্রেজিং) ৩.সরকারি বা বেসরকারি কোন উদ্যোগেই মহানন্দার পানি সংরক্ষণের ব্যবস্থা না করা ৪.দিনদিন বিভিন্ন কারণে (জনসংখ্যা, চাষাবাদ, কলকারখানা ইত্যাদি) পানির ব্যবহার, অপচয়, অপব্যবহার বৃদ্ধি পাওয়া ৫.জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব এবং জনসাধারণের পানি ও নদীর গুরুত্ব সম্পর্কে অসচতনেতা ৬. স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি সংস্থার অবহেলা, উদাসীনতা, দায়িত্বে গাফলতি ৭.আবজর্ণা, পলিমাটি, পাড়ভাঙ্গা, অপরিকল্পিত বালু উত্তোলনের প্রভাব ইত্যাদি কারণে নদীর তলদেশ ভরে যাওয়া।
বাঁচাতে হবে চাঁপাইনবাবগঞ্জের প্রাণের ধারা মহানন্দা নদীকে, ফিরিয়ে আনতে হবে এর নাব্যতা, বাঁচবে মানুষ, রক্ষা পাবে পরিবেশ। তাই জেলার প্রতিটি সচেতন নাগরিক, বিভিন্ন সংগঠন এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানিয়েছে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি।
উন্মোচনডটকম/ইমন/টিআই/১৮২৬ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৩



