Monday, Jan 28th, 2013 at 7:25pm BdST
প্রচ্ছদ » প্রতিবেশ

সাতছড়ি বনাঞ্চল থেকে বনজ সম্পদ পাচার, হুমকির মুখে জীববৈচিত্র

সাতছড়ি বনাঞ্চল থেকে বনজ সম্পদ পাচার, হুমকির মুখে জীববৈচিত্র

জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
মাধবপুর: ‘আমরা প্রকৃতিকে বাঁচাব আগামী প্রজন্মের জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে প্রায় ১ যুগ আগে ইউএসএআইডির অর্থায়নে নির্সগ নামে একটি প্রকল্প সাতছড়ি রক্ষিত বনভূমিকে সমৃদ্ধশালী করার জন্য নেওয়া হয় বিশেষ প্রকল্প। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর পেশার লোকজনদের নিয়ে গঠন করা হয় সহ ব্যবস্থাপনা কমিটি। সাতছড়ি রক্ষিত বনভূমিকে ঘোষনা করা হয় অভয়ারণ্য জাতীয় পার্ক। বন বিভাগ ও দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে সাতছড়ি বন এলাকায় বিভিন্ন অবকাঠামো নির্মান করা হয়। পর্যটকদের জন্য বাড়ানো হয় বিভিন্ন সুযোগ সুবিধা।

শুরুতে এ প্রকল্পের কার্যক্রম প্রশংসা পেলেও গত কয়েক বছর ধরে এর কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। সহ-ব্যবস্থাপনা কমিটির লোকদের নিষ্ক্রিয়তা ও স্থানীয় বন রক্ষিদের উদাসীনতার কারণে সাতছড়ি জাতীয় উদ্যান পাহাড়ী বন ভূমির মূল্যবান বনজ সম্পদ পাচার হয়ে বন ভূমি ও প্রাণীকুল হুমকীর মধ্যে পড়েছে। বিভিন্ন সময়ে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় বিভিন্ন প্রজাতির জীব জন্তু অবমুক্ত করা হলেও বনের ভেতরে বসবাসকারী এসব বন্য প্রাণী পর্যাপ্ত খাদ্য ও পানীয় জলের অভাবে তাদের জীবন বিপন্ন। পশু পাখির খাদ্যের জন্য সাতছড়ি বনের ভেতর নির্সগ সহায়তা প্রকল্পের অর্থায়নে বনের ভেতর বিভিন্ন ফলের বাগান করা হলেও পর্যাপ্ত পরিচর্যা ও রক্ষনাবেক্ষনের অভাবে এগুলো ব্যর্থ বাগানে পরিনত হয়েছে। এছাড়া বনের ভেতরে প্রতিদিন শত শত পাহাড়ী শ্রমিক বিনা বাধায় বনে ঢুকে বনের মূল্যবান গাছপালা কেটে বন ভূমি উজার করছে।

সংরক্ষিত বনভূমি এলাকায় সারাদিন শ্রমিক প্রবেশ করার কারণে জীব জন্তু স্বাধীনভাবে চলাচল করতে পারছে না। সাতছড়ি রেঞ্জ ও ভিট এলাকার এক শ্রেণীর অসাধু বন রক্ষিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সাতছড়ি বন ভূমি থেকে বনজ সম্পদ পাচার এখন নিত্য দিনের ঘটনা। সম্প্রতি সাতছড়ি সংরক্ষিত বনভূমি থেকে মূল্যবান সেগুন গাছ পাচারের সময় স্থানীয় জনতার সহযোগিতায় গাছগুলো আটক করা হয়। সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় নিরাপত্তার অভাবে দর্শনার্থীরা কমতে শুরু করেছে। পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যটক পুলিশ গঠন করা হলেও লোকবল কম হওয়ায় তারা পুরো পরিস্থিতি সামাল দিতে পারছে না। এছাড়া সহ-ব্যবস্থাপনা কমিটির কতিপয় সদস্য ও স্থানীয় চিহ্ণিত কিছু অপরাধীরা আগত পর্যটকদের নানা ভাবে জিম্মি করে শারীরিক মানসিক নির্যাতন করে মোবাইল ফোন, স্বর্ণালঙ্খার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া নিয়মিত ঘটনা।

এ ব্যাপারে মৌলভীবাজার প্রকৃতি সংরক্ষন বিভাগে বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সাতছড়ি বন্য প্রাণী সংরক্ষিত বন ভূমি থেকে গাছ পাচারের কোনো সংবাদ তিনি রেঞ্জ কর্মকর্তা ও ভিট কর্মকর্তার মাধ্যমে পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সহ-ব্যবস্থাপনা কমিটির লোকজন জাতীয় উদ্যান এলাকা দেখভাল করার দায়িত্ব রয়েছে।

 

উন্মোচনডটকম/আখা/টিআই/১৯২২ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close