যশোর: উদীচীর আয়োজনে যশোরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী লোক সংস্কৃতি উৎসব লোকসংগীত ও লোকনৃত্য।
যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূহ-উল-আলম লেনিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন।
উৎসব উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এরপর পর্যায়ক্রমে এ উৎসবে উদীচীর শিল্পী, কলকাতার ভাস্কর রায়, ঢাকার ফকির শাহাবুদ্দিন, হামিদা পারভিনসহ রংপুর, চট্টগ্রাম, সুনামগঞ্জ, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা নড়াইল ও যশোর জেলার লোক সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়াও যশোরের নৃত্য বিতানের শিল্পীরা পরপর ৭টি লোকনৃত্য পরিবেশন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও উদীচীর উপদেষ্টা কাজী আবদুস শহীদ লাল, উদীচীর উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র এসএম কামরুজ্জামন চুন্নু, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি কিরণ সাহা, উদীচীর সভাপতি সৌমেশ মুখার্জি, সহ-সভাপতি মাহবুবুর রহমান মজনু, ফরহাদ করিম প্রমুখ।
উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ও উদীচীর সাধারণ সম্পাদক ডিএম শাহিদুজ্জামান জানান, যশোরে সর্বপ্রথম বাংলা ১৪০০ সালে উদীচীর আয়োজনে লোক সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে শুক্রবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান এমপি এবং সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী
উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক কাজী আব্দুস শহীদ লাল জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক সদস্যরাও কাজ করবেন। কিন্তু মাঝখানে ১৮ বছর উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। গত বছর থেকে আবারও উদীচীর আয়োজনে লোক সংস্কৃতি উৎসব আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এ বছর ৩ দিনব্যাপী উৎসব চলবে।
উন্মোচনডটকম/রহিম/মিফতা/১১২৬ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৩



