মাহবুবুল ইসলাম ইমন
জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
চাঁপাইনবাবগঞ্জ: পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় খেলাফত আন্দোলনসহ কয়েকটি ইসলামী দলের ব্যানারে জঙ্গি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বড় ইন্দারা মোড়ে এসে একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, রাসুল (সা.) বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবে না। মুসলিম অধ্যুষিত দেশে ইসলামী আইনই হবে রাষ্ট্রের আইন ব্যবস্থা।
এ সময় তারা জড়িত ব্লগারদের অবিলম্বে ফাঁসির দাবিও জানান।
শিবগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর একই দাবিতে মিছিল-সমাবেশ করেছে জামায়াত ও সমমনা কয়েকটি ইসলামী দল।
জামায়াত-শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত চাঁপাইনবাবগঞ্জে এ ধরনের ধর্মীয় উন্মাদনার মিছিল-সমাবেশকে ঘিরে জনমনে ব্যাপক বিভ্রান্তি, আতঙ্ক আর অসন্তোষ লক্ষ্য করা গেছে।
জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উন্মোচনডটকম/প্রতিনিধি/কেএম/১৮০০ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৩


