কুদরতে খোদা সবুজ
কুষ্টিয়া: কুষ্টিয়ায় লালনশাহ সেতু পশ্চিমপাশে একটি পিকআপ ভ্যান থেকে ৩৪ কেজি রূপাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
আটক রূপার আনুমানিক মূল্য ৫৩ লাখ টাকা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ রূপা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সাতক্ষীরার কলারোয়া উপজেলার জাকির হোসেন (২৪) ও একই এলাকার শাহীনুর রহমান (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাতক্ষীরা থেকে রূপার একটি চালান লালনশাহ সেতু অতিক্রম করবে। ওই সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ পারভেজ ও শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আগে থেকেই টোলপ্লাজায় অবস্থান নেয়।
রাত সাড়ে ৮ টায় সাদা রঙের একটি পিকআপ(যার নং ঢাকা-ন-১১-৩৭১৬) টোলপ্লাজায় পৌঁছালে পুলিশ ওই পিকআপকে চ্যালেঞ্জ করে।
এ সময় চালকের পাশে থাকা ১৯টি প্যাকেটে থাকা সাড়ে ৩৪ কেজি রূপা উদ্ধার করা করা হয়। এতে বিভিন্ন প্রকার তৈরি অলংকার রয়েছে।
আটককৃতরা জানায়, রূপাগুলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাঘাছোড়া বাজার থেকে ঢাকার তাঁতিবাজারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) সোহেল রেজা উন্মোচনডটকমকে জানান, আটকরা চিহ্নিত চোরাকারবারী। তারা ভারত থেকে ওইসব রূপা এনে তা ঢাকার তাঁতিবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যায়।
এর আগেও ৪ দফা রূপার চালান ঢাকার নিয়ে যায় বলে আটকরা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
উন্মোচনডটকম/প্রতিনিধি/এএম/১৯২৭ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৩



