Sunday, Feb 24th, 2013 at 1:27am BdST
প্রচ্ছদ » জাতীয়

হরতাল প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ শাহবাগ

হরতাল প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ শাহবাগ

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: জামায়াত-শিবিরের ডাকা রোববারের হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়েছে শাহবাগের আন্দোলনকারীরা। শনিবার বিকেলে রায়েরবাজার বধ্যভূমিতে যুদ্ধাপরাধীদের প্রতিরোধের শপথ নিয়ে প্রজন্ম চত্বরে ফিরে আসে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

রাত ১০টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ঘোষণা দেন আন্দোলন চালিয়ে যাওয়ার।

তিনি বলেন, যে দাবিতে তাদের এই আন্দোলন তা পূরণের আগে তারা ফিরবেন না। যুদ্ধাপরাধীদের ফাঁসি আর যুদ্ধাপরাধী দলের নিষিদ্ধ করতে হবে।

ধর্মভিত্তিক ১২টি দলের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে ইমরান দেশবাসীর প্রতি তাদের হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানান।

তিনি বলেন, “তাদের হরতাল প্রত্যাখ্যানে রাজপথে নেমে আসুন। সকাল ৮টার মধ্যে রাজপথে গণমিছিল বের করে জানিয়ে দিন এই হরতাল দেশবাসী মানে না।”

এ সময় স্লোগানের প্রতিধ্বনিতে ছিল ক্ষোভের গর্জন।

ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়ে ইমরান বলেন, আমরা সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করুন। আর না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

পাশাপাশি তিনি সংবাদপত্র হকার এবং এজেন্টদের প্রতি এ ধরনের দৈনিক বিক্রি বন্ধের আহ্বান জানান।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় শাহবাগের গণজাগরণবিরোধীরা, যার পেছনে জামায়াতের ইন্ধন দেখছে পুলিশ।

চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন স্থানে হামলাকারীদের হামলার লক্ষ্য ছিল গণজাগরণ মঞ্চ, যেখান থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চলছে। হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও।

দুপুর থেকে বিকাল পর্যন্ত তাণ্ডবের পর কর্মসূচিতে বাধার অভিযোগ এনে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী ও সমমনা ১২ দল।

সারা দেশে জাগরণমঞ্চবিরোধী হামলা-তাণ্ডবের পরদিন রায়েরবাজার বধ্যভূমিতে সমাবেশ ও শপথে যোগ দিতে দুপুর থেকেই মানুষ আসতে শুরু করে। সমাবেশ শুরুর আগেই গোটা এলাকা মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে প্রতিবাদী গান, কবিতা আর স্লোগাণে মুখরিত হয়ে ওঠে।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বিকেলে সারাদেশে স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরকে রুখে দেয়া এবং রোববারের হরতাল প্রতিরোধের দীপ্ত অঙ্গীকারে রাজেরবাজার বধ্যভূমিতে অনুষ্ঠিত হয় সমাবেশ, যা ছিল প্রজন্ম চত্বরের উদ্যোক্তাদের শাহবাগের বাইরে প্রথম সমাবেশ।

সমাবেশে জাতীয় পতাকা ধরে হাত তুলে স্বাধীনতাবিরোধী ও ধর্ম ব্যবসায়ীদের রুখে না দেয়া না পর্যন্ত ঘরে না ফেরার শপথ পাঠ করেন নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।

বেলা সাড়ে ৩টায় শুরু হওয়া মহাসাবেশে শপথ পাঠ করানো হয় বিকেল পাঁচটা ২০ মিনিটে। শপথ পাঠ করান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

উন্মোচনডটকম/কেএম/২২০০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৩

 

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close