স্পোর্টস ডেস্ক, উন্মোচনডটকম
ঢাকা: শাহরিয়ার নাফিসের ইনজুরির কারনে শ্রীলংকা সফরের দলে ডাক পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেন বলেন, “চোটের কারণে নাফীসের বাঁহাতে সেলাই লেগেছে। শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না তার। নাফীসের জায়গায় দলে এসেছেন আশরাফুল।”
মঙ্গলবার বাসায় ব্লেড দিয়ে ব্যাট পরিস্কার করতে গিয়ে বাঁহাতের তালু কেটে ফেলেন নাফীস। সেলাই লাগে পাঁচটি।
ছন্দে থাকা আশরাফুলকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, আশরাফুল ভাইয়ের দলে ফেরা খুবই ইতিবাচক। শ্রীলঙ্কার বিপক্ষে তার রেকর্ড খুব ভালো। বিপিএলেও ভালো খেলেছেন। আশা করি এই ফর্ম ধরে রাখবেন এবং প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করবেন।”
“সাকিব, নাঈম ভাই না থাকায় মিডল অর্ডার অনভিজ্ঞ হয়ে পড়েছিল। অমি অনেক দিন পর দলে ফিরেছে। মমিনুল, বিজয়, মার্শাল একে বারেই নতুন বলে আমি, রিয়াদ ভাই, তামিমের ওপর চাপটা তিনগুন হয়ে যাচ্ছিল। অভিজ্ঞার কথা ভেবেই আশরাফুল ভাইকে নেয়া হয়েছে। তার ‘ট্র্যাক রেকর্ড’ও অনেক ভালো। আমার ভুল না হয়ে থাকলে তার চারটি টেস্ট শতকও রয়েছে,” যোগ করেন তিনি।
উন্মোচনডটকম/টিআই/১০৪৪ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৩



