জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
বগুড়া: বগুড়ায় দ্বিতীয় বাইপাস সড়কে বিক্ষোভরত জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ দিনমজুর ছাবেদ আলীর(৪০) মৃত্যু হয়েছে।
নিহত ছাবেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়ার বাসিন্দা।
বগুড়া পৌরসভার ১৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম উন্মোচনডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাস-নিশ্চিন্তপুর এলাকায় পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার পর পুলিশ টহল জোরদার করা হয়।
সন্ধ্যার আগমুহুর্তে জামায়াত-শিবিরের কিছু নেতাকর্মি সুজাবাদ এলাকায় গিয়ে ওই সড়কের ওপরে গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় সেখানে টহল পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এক পর্যায়ে পুলিশ গুলি চালালে বিক্ষোভকারীরা পিছু হটে সড়কের পাশে জিয়া ব্রিকস ফিল্ডের ভেতরে ঢুকে পড়ে।
এ সময় ওই পথ দিয়ে যাওয়া ছাবেদ আলী গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুলিশের গুলিতে দিনমজুর ছাবেদের নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, বগুড়ায় পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। তবে অন্য কোনও কারণে কেউ নিহত হয়েছে কি-না তা তিনি নিশ্চিত নন।
উন্মোচনডটকম/প্রতিনিধি/কেএম/২১২০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৩


