বেনাপোল প্রতিনিধি, উন্মোচনডটকম
বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।
পুলিশ ও গ্রামবাসি সূত্র জানায়, পুটখালি সীমান্তের চরের মাঠ ঘাট দিয়ে মঙ্গলবার রাতে ভারতের বোম্বে থেকে এক তরুণী দেশে ফেরাকালে কতিপয় দুঃস্কৃতিকারী তাকে ধরে কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দেয়। পরে তাকে ধর্ষণ করে।
এক পর্যায়ে ধর্ষিতা জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন।
পরে রাত সাড়ে ১২টার দিকে ধর্ষিতা তরুণীকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে বিজিবি।
এদিকে, ওই তরুণীকে বিশেষ বাহিনীর ২ সদস্য ধর্ষণ করেন বলে সীমান্ত এলাকায় খবর ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বুধবার সকালে পুটখালি বিজিবির নায়েক মামুন ও শাহিনের কাছে জানতে চাইলে তারা প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ায় চেষ্টা করেন।
পরে বলেন সীমান্তে নারী শিশু পাচারকালে কেউ ধর্ষিত বা নির্যাতিত হতে পারে। বিষয়টি তাদের জানা নেই।
সাতক্ষীরা ২৩ বিজিবির সেক্টর কমান্ডার লে. কর্নেল রবিউল আলম উন্মোচনডটকমকে জানান, সীমান্ত থেকে অসুস্থ অবস্থায় বিজিবি এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এ মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা না হলে কিছু বলা সম্ভব হচ্ছে না।
নাভারন হাসপাতালের চিকিৎসক সাইদ আনোয়ার বলেন, তাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। সে খুবই অসুস্থ। অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় তরুণীকে।
হাসপাতালের বেডে কথা হয় নির্যাতনের শিকার ওই তরুণীর সঙ্গে। যশোরের নতুন হাট এলাকার গৃহবধু ওই তরুণী উন্মোচনডটকমকে যন্ত্রনায় কাতরাতে কাতরাতে বলেন, কয়েকজন পুরুষ তাকে নির্যাতন চালিয়েছে।
পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক আজিজ বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর কোর্ট হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
সিনিয়র স্টাফ নার্স শেফালি জানান, মাহফুজ নামে এক বিজিবি সদস্য তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। বিষয়টি পরীক্ষার পর ডাক্তার সাহেব বলতে পারবেন।
উন্মোচনডটকম/প্রতিনিধি/এএম/২১৪৩ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৩


