Sunday, Mar 3rd, 2013 at 12:47pm BdST
প্রচ্ছদ » সারা দেশ

বগুড়ায় থানায় হামলা, নিহত ৪

বগুড়ায় থানায় হামলা, নিহত ৪
জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
বগুড়া: বগুড়ায় হরতালের মধ্যে থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা ও রেল স্টেশন- বাণিজ্য মেলার স্টলে আগুন দিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।হামলায় নিহত হয়েছে ৪ জন, আহত হয়েছে বহু।
শহরের শাজাহানপুর থানা আক্রমণ ও ইয়াকুবিয়া স্কুল মোড়ে র্যাবের গাড়িতে হামলার ঘটনায় গুলিতে নিহত হয় তিনজন। থানার নিরাপত্তা দিতে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

জামায়াত-শিবির কর্মীদের জাঙ্গি মিছিল, বিভিন্ন স্থানে হামলা ও বিক্ষিপ্ত সংঘাতে পুরো শহরে সৃষ্টি হয়েছে আতঙ্ক। উদ্ভূত পরিস্থিতিতে রোববার সকাল ৬টা থেকে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সদর থানার এস আই লুৎফর রহমান জানান, ভোর ৫টার পর জামায়াত-শিবির কর্মীদের কয়েকটি দল শহরের নারুলি, ফুলবাড়ী, স্টেডিয়াম ও মোকামতলা ফাঁড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে।ব্যাপক হামলার মুখে এসব ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্যরা সরে যেতে বাধ্য হন।

এর পরপরই লাঠি হাতে মিছিল নিয়ে শাজাহানপুর থানায় হামলা চালায় জামায়াতের কয়েকশ’ কর্মী।

থানার পরিদর্শক তদন্ত আতিউর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, হামলা শুরু হলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এ সময় তিনজন নিহত হয়েছেন।

এই ঘটনার পর সেনা সদস্যরা থানার নিরাপত্তা দিতে ঘটনাস্থলে এসেছেন বলে আতিউর রহমান জানান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে সকালে থানা ও ফাঁড়িতে হামলার পরপরই শিবগঞ্জ, শাহজাহানপুর, বগুড়া জিরোপয়েন্ট সাত মাথাসহ বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়।

সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া সদরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে র্যাবের গাড়িতে হামলা চালায় হরতাল সমর্থকেরা। র্যাব বাধা দিলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এ সময় গুলিতে আলমগীর হোসেন নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।

ওই এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়েও এ সময় আগুন দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

উদ্ভূত পরিস্থিতিতে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরে মাইকিং করে ১৪৪ ধারা জারি এবং সব ধরনের জমায়েত নিষিদ্ধ থাকার বিষয়টি জানানো হচ্ছে বলে আমাদের বগুড়া প্রতিনিধি জানান।

১৪৪ ধারার মধ্যেই সাড়ে ৬টার দিকে শহরের কলিতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে আগ্নিসংযোগ করে হরতালকারীরা।

উন্মোচনডটকম/প্রতিনিধি/কেএম/১১০০ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close