Wednesday, Mar 6th, 2013 at 10:24am BdST
প্রচ্ছদ » আন্তর্জাতিক

ক্যান্সারের কাছে হেরে গেলেন শ্যাভেজ

ক্যান্সারের কাছে হেরে গেলেন শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক, উন্মোচনডটকম

ঢাকা: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ আর নেই।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিটে কারাকাসের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

৫৮ বছর বয়সী শ্যাভেজ ১৪ বছর ভেনেজুয়েলার নেতৃত্ব দেন। এই সাম্যবাদী নেতা ছিলেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নীতির একজন কড়া সমালোচক।

ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার রাতে এই লাতিন নেতার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানান।

প্রেসিডেন্টের মৃত্যুসংবাদ ঘোষণার পাশাপাশি ভেনেজুয়েলার সামরিক বাহিনীতে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি।

বিশ্লেষকরা বলছে, শ্যাভেজের মৃত্যুতে দক্ষিণ আমেরিকায় রাজনৈতিক ভারসাম্যে যেমন পরিবর্তন আসতে পারে, তেমনি প্রভাব পড়তে পারে জ্বালানি তেল রপ্তানিকারক দেশটির অর্থনীতিতেও।

শ্যাভেজের মৃত্যুতে সাত দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে ভেনেজুয়েলা। শুক্রবার পর্যন্ত দেশটির মিলিটারি একাডেমিতে তার মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য।

ক্যান্সার ধরা পড়ায় গত ডিসেম্বরে অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য কিউবা যান শ্যাভেজ। সে সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোর নাম ঘোষণা করে তার হাতেই দায়িত্ব দিয়ে যান।

জাতিসংঘের মহাসচিব বানকি-মুন এক শোকবার্তায় চেভেজের পরিবার এবং সে দেশের জনগণের প্রতি সান্ত্বনা জানিয়েছেন।

শ্যাভেজের মৃত্যুর খবরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি ক্রিশ্চনার সব ধরনের কর্মসূচি স্থগিত করেছেন। শ্যাভেজের শোকে এক মিনিট নিরবতা পালন করেছে পেরুর কংগ্রেসে।

হোয়াইট হাউস থেকে এক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, হুগো চেভেজের মৃত্যুর পর যে সংকট তৈরি হয়েছে, এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাধারণ মানুষের প্রতি আবারও সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং আশা করছে, সে দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনমূলক সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে।

 

উন্মোচনডটকম/টিআই/১০১৮ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৩

 

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close