স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম
ঢাকা: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপি ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারী মো. সেলিম উদ্দিনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াতের ওই ৩ নেতার বুধবার সশরীরে ট্রাইব্যুনালে এসে ব্যাখ্যা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় ২১ মার্চের মধ্যে তাদের গ্রেপ্তারের এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
এই তিন নেতাকে হাজির হতে এর আগে তিন দফা সময় দিলেও তাদের ট্রাইব্যুনালে আনতে পারেননি তাদের আইনজীবীরা। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল জানায়, ৬ মার্চের মধ্যে তাদের হাজির করা না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।ব্যর্থতার জন্য তাদের আইনজীবীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিল ট্রাইব্যনাল।
জামায়াত নেতা সেলিম উদ্দিন গত ৪ ফেব্রুয়ারি মতিঝিলে দলের এক সমাবেশে বলেন, “একটা রায়-ই শেষ নয়। রায়ের পর বহু প্রতিক্রিয়া আছে। বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। দেশকে গৃহযুদ্ধের থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেয়ার কোনো সুযোগ নেই।”
জামায়াতের অপর নেতা হামিদুর রহমান আযাদ ওই সমাবেশে বলেন, এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।
এরপর ৫ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে তাদের বক্তব্য সম্বলিত খবর প্রকাশিত হলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে ৭ ফেব্রুয়ারি নোটিস জারি করে।
উন্মোচনডটকম/টিআই/১২৩৬ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৩



