স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম
ঢাকা: পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে দলটি। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও একই দিনে হরতাল ডেকেছে।
বিএনপির সমাবেশে যোগ দিতে আসা জামায়াত-শিবিরের মিছিল থেকেই এ সংঘর্ষ শুরু হয়।
বিকেল সাড়ে চারটার দিকে জামায়াতের একটি মিছিল বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়।
ধাওয়া খেয়ে শিবির কর্মীরা অলিগলিতে ঢুকে গিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে।
অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন মোড়, কাকরাইল ও নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ।
জামায়াত-শিবিরের ক্যাডাররা বিএনপির সঙ্গে যোগ দিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু হলে প্রথমে লাঠি চার্জ ও পরে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। এক পর্যায়ে ছুঁড়তে শুরু করে রাবার বুলেট।
এর পরে বিএনপি অফিসের সামনে শুরু হওয়া পূর্ব নির্ধারিত সমাবেশ পণ্ড হয়ে যায়। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। পার্টি অফিসের সামনে থেকে পুলিশ সবাইকে ধাওয়া দিয়ে সরিয়ে দিলে অনেকেই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রবার বুলেটের পাশাপাশি ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে পুলিশ দাবি করলেও বিএনপি নেতারা বলছেন, পুলিশের ছোড়া গুলিতে কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষের কিছু সময় পরই দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিক বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতে ইসলামীও বৃহস্পতিবার হরতাল ডেকেছে।
উন্মোচনডটকম/টিআই/১৯৪০ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৩



